[gtranslate]

ছাত্রলীগের সাবেক সহ সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ — আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নিন্দা


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ / ৪০
ছাত্রলীগের সাবেক সহ সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ — আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নিন্দা

স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাট উপজেলায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালমান আহমদের বাড়িতে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত ১১টা ৩০ মিনিটের দিকে এই নৃশংস হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট চালায় এবং শেষে আগুন ধরিয়ে দেয়।

হামলার সময় বাড়িতে শুধু সালমান আহমদের মা রওশনআরা বেগম উপস্থিত ছিলেন। তিনি জানান, “৮-১০ জন মুখোশধারী অপরিচিত লোক হঠাৎ করেই আমাদের বাড়িতে ঢুকে পড়ে এবং আমার ছেলের খোঁজ জানতে চায়। আমি সত্য ঘটনা বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। পরে তারা বেডরুমের খাটে আগুন ধরিয়ে দেয়।”

এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি চিৎকার শুনে বাইরে বের হয়ে দেখি কয়েকজন লোক দ্রুত বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। ভেতরে গিয়ে দেখি ঘরে আগুন এবং তছনছ করা অবস্থায় পড়ে আছে। আমরা স্থানীয় কয়েকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করি।”

এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন। তারা জানান, “ঘটনার পরপরই আমরা সালমান আহমদের মায়ের সঙ্গে কথা বলেছি এবং তাকে সান্ত্বনা দিয়ে আইনগত সহায়তা নিতে উৎসাহিত করেছি। একটি স্বাধীন দেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক।”

নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সভাপতি মো. নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাওহান ও সাধারণ সম্পাদক মারওয়ান।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, “আমাদের থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”

এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।